সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ০৮:০০ এএম
ফুলবাড়ীতে দিনমজুরের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা, যা ব্যাখ্যা দিল ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ
আনোয়ারুল ইসলাম
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল প্রায় অর্ধলাখ টাকা হওয়ার ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে কুড়ি-লাল পল্লী বিদ্যুৎ সমিতির ফুলবাড়ী জোনাল অফিস। কর্তৃপক্ষের দাবি, গ্রাহকের বাড়িতে দুটি অটোরিকশা চার্জ দেওয়ার কারণে বিদ্যুতের ব্যবহার বেড়ে যায়। পরে বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হলেও গ্রাহক নিজ উদ্যোগে পুনরায় সংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহার করেন। এতে জমা হওয়া অতিরিক্ত ইউনিটের বিল পরবর্তী মাসগুলোর সঙ্গে সমন্বয় করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) ফুলবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আসাদুজ্জামান এক লিখিত ব্যাখ্যায় এসব তথ্য জানান। একই সঙ্গে প্রকাশিত সংবাদে ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য যথাযথভাবে উঠে আসেনি বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
জোনাল অফিসের লিখিত ব্যাখ্যা অনুযায়ী, আবাসিক গ্রাহক মো. ইউনুস আলীর ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১৭ হাজার ১৬১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এ কারণে গত ৩০ মার্চ তাঁর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে সংযোগ বিচ্ছিন্নের পরও গ্রাহক নিজ উদ্যোগে মিটারে পুনঃসংযোগ দিয়ে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার অব্যাহত রাখেন। এ সময় দুটি অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছে কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুতের দাবি, ১৪ জুন পর্যন্ত মিটারে ১ হাজার ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের রিডিং জমা হয়। পরে বিষয়টি জোনাল অফিসের নজরে এলে ওই দিন গ্রাহক কার্যালয়ে গিয়ে বৈধভাবে পুনঃসংযোগ গ্রহণ করেন। এ সময় তাঁর অনুরোধে জমা হওয়া ইউনিটের বিল পরবর্তী পাঁচ মাসের নিয়মিত বিলের সঙ্গে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে গ্রাহক মোট ২৩ হাজার ৭৮ টাকা পরিশোধ করেছেন। বাকি ইউনিটের বিল অক্টোবর মাসে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৮ হাজার ২৮৯ টাকা যুক্ত করা হয়েছে। এই দুই মাসের বিল এখনো বকেয়া রয়েছে।
ডিজিএম মো. আসাদুজ্জামান বলেন, প্রতি মাসে মিটার রিডিং অনুযায়ী নিয়মিত বিল প্রস্তুত করা হয়েছে। সংযোগ বিচ্ছিন্ন থাকার পর বিদ্যুৎ ব্যবহারের কারণে জমা হওয়া ইউনিটের বিল পরবর্তী মাসগুলোর সঙ্গে যুক্ত হওয়ায় বিলের পরিমাণ বেশি মনে হচ্ছে। মিটার পরীক্ষা করেও সেটি সচল ও ভালো পাওয়া গেছে।
তিন মাসের বিদ্যুৎ বিল বাবদ প্রায় ৫০ হাজার টাকা আদায়ের তথ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর ভাষ্য, অফিসের হিসাব অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহক ২৩ হাজার ৭৮ টাকা পরিশোধ করেছেন। তাহলে তিন মাসে ৫০ হাজার টাকা আদায়ের তথ্য কীভাবে এসেছে, তা স্পষ্ট নয়।
ডিজিএমের অভিযোগ, প্রকাশিত সংবাদে দুটি অটোরিকশা চার্জ দেওয়া, বকেয়া বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন সংযোগ পুনরায় স্থাপন করে বিদ্যুৎ ব্যবহারের বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরা হয়নি। পাশাপাশি পেন্ডিং ইউনিটের বিল একসঙ্গে আদায় না করে কয়েক মাসের নিয়মিত বিলের সঙ্গে সমন্বয়ের সুযোগ দেওয়ার বিষয়টিও সংবাদে উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করা জরুরি। এতে ঘটনার উভয় পক্ষের বক্তব্য উঠে আসে এবং পাঠকের কাছে প্রকৃত তথ্য পৌঁছায়। প্রকাশিত সংবাদে উত্থাপিত তথ্য পুনরায় যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বানও জানান তিনি।
উল্লেখ্য, গত ২০ নভেম্বর ‘হতদরিদ্র দিনমজুরের ৩ মাসের বিদ্যুৎ বিল অর্ধলাখ টাকা’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে ফুলবাড়ী জোনাল অফিস নিজেদের অবস্থান ও বিলের হিসাব তুলে ধরে লিখিত ব্যাখ্যা দেয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাহেদা বেগমের, ‘নিউজ বাঁশখালী’ পেজ বন্ধে প্রশাসনের ... বিস্তারিত
ভুয়া টিকিট দিয়ে যাত্রীকে হয়রানির অভিযোগ, প্রতারণার শিকার আব্দুল জব্বার! প্রথমে রাত ৮টার ফ্লাইট, পà¦... বিস্তারিত
ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আনোয়ারà... বিস্তারিত
ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আনোয়ারুল ইসলাম ফুলà¦... বিস্তারিত
যাদের জিহবায় রক্তের স্বাদ তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না -----... বিস্তারিত
রাঙ্গুনিয়ায় ডোবা থেকে অজ্ঞাত যুবকের পচা-গলা মরদেহ উদ্ধার প্রতিবেদক: ওমর ফারুক চট্টগ্রামের রাঙà... বিস্তারিত
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ সাহেদা বেগমের, ‘নিউজ বাঁশখালী’ পেজ বন্ধে প্রশাসনের ... বিস্তারিত
ভুয়া টিকিট দিয়ে যাত্রীকে হয়রানির অভিযোগ, প্রতারণার শিকার আব্দুল জব্বার! প্রথমে রাত ৮টার ফ্লাইট, পà¦... বিস্তারিত
ফুলবাড়ীতে আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ওলামা দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আনোয়ারà... বিস্তারিত
ফুলবাড়ীতে বিসিডিএসের সম্পৃক্ততা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত আনোয়ারুল ইসলাম ফুলà¦... বিস্তারিত